আপনি ফেসবুক/অ্যাপের ভেতরের ব্রাউজারে আছেন — এখানে প্রিন্ট বা ডাউনলোড কাজ নাও করতে পারে।
উপরের ⋮ বা ••• মেনু থেকে “ব্রাউজারে খুলুন” চাপুন।
Chrome-এ খুলুন
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬৩১ ভাদ্র ১৪৩৩
মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল মুন্সিগঞ্জে উদযাপন
© আমার কণ্ঠ

মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল মুন্সিগঞ্জে উদযাপন

মুন্সিগঞ্জের শ্রীনগরে আগামীকাল ১৬ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে “সত্যের দীপ্ত অভিযাত্রায় মানবকণ্ঠ”-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান।

দেশের একটি জনপ্রিয় জাতীয় দৈনিক মানবকণ্ঠ প্রতিষ্ঠার পর থেকে সত্যনিষ্ঠ ও তথ্যভিত্তিক সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করে চলেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন সেই পথচলাকে স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতের অগ্রযাত্রাকে আরও বেগবান করার একটি উপলক্ষ হয়ে উঠতে যাচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীনগরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান, শ্রীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া এবং শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. জুয়েল মিঞা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দৈনিক মানবকণ্ঠের মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফ ইকবাল। সঞ্চালনায় থাকবেন দৈনিক মানবকণ্ঠের শ্রীনগর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ ছিবগাতুল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সাংবাদিকতা ও গণমাধ্যম সংশ্লিষ্টদের এই মিলনমেলা স্থানীয় সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

আয়োজকদের প্রত্যাশা, এই অনুষ্ঠান শুধু একটি প্রতিষ্ঠানের বার্ষিকী উদযাপনেই সীমাবদ্ধ থাকবে না, বরং স্থানীয় পর্যায়ে দায়িত্বশীল ও মানসম্পন্ন সাংবাদিকতার চর্চাকে আরও উৎসাহিত করবে।

কার্যালয়: ৪৭২/ডি মীরহাজিরবাগ, যাত্রাবাড়ী, ঢাকা।
দৈনিক আমার কন্ঠ