


মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ৮৫টি দুর্গাপূজা মন্দিরে সাড়ে সাত ভরি ওজনের পিতলের পঞ্চপ্রদীপ ও শাড়ি-কাপড় উপহার দিয়েছেন চিত্রনায়িকা ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডা. জাকিয়া কামাল মুন। পাঁচ দিনব্যাপী এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে উপহারসামগ্রী বিতরণ করেন তিনি।
বুধবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে শ্রীনগর উপজেলার পোদ্দারপাড়া দুর্গামন্দিরে পঞ্চপ্রদীপ ও শাড়ি-কাপড় বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচির সমাপ্তি ঘটে। এর আগে রাঢ়ীখাল রামকৃষ্ণ মিশন মন্দির থেকে উপহার বিতরণ কার্যক্রম শুরু করেন ডা. জাকিয়া কামাল মুন।
আয়োজক সূত্রে জানা যায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার মোট ৮৫টি মন্দিরের জন্য পিতলের পতিমাসহ পঞ্চপ্রদীপ ও শাড়ি-কাপড়ের ব্যবস্থা করেন তিনি। প্রতিটি মন্দিরে একটি করে পঞ্চপ্রদীপ এবং ৫ থেকে ৮টি শাড়ি উপহার বিতরণ করেন।
পাঁচ দিন ধরে উপজেলার বিভিন্ন মন্দিরে গিয়ে এসব উপহারসামগ্রী বিতরণ করেন তিনি। এর মাধ্যমে পূজার আয়োজনে সহযোগিতার পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
কর্মসূচির শেষ দিনে প্রায় ২৬৫ বছরের পুরোনো পোদ্দারপাড়া দুর্গামন্দিরে উপহার বিতরণের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ কার্যক্রম শেষ হয়।
ড. জাকিয়া কামাল মুন বলেন, কিছু দিন পূর্বে ভাগ্যকুলে কাফনের কাপড় দিয়ে হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষকে ভারতে যাওয়ার জন্য হুমকি স্বরূপ কিছু মেসেজ দিয়েছিল এইজন্যই আমি সনাতন ধর্মের এই মহা উৎসবে তাদের পাশে থাকার জন্য এসেছি। গত ৫ দিন যাবৎ উপজেলার সকল মন্দিরে গিয়ে সবার সাথে দেখা করেছি। তাদের মনের সাহস যুগিয়েছি, আমি আছি তাদের পাশে সবসময়।