আপনি ফেসবুক/অ্যাপের ভেতরের ব্রাউজারে আছেন — এখানে প্রিন্ট বা ডাউনলোড কাজ নাও করতে পারে।
উপরের ⋮ বা ••• মেনু থেকে “ব্রাউজারে খুলুন” চাপুন।
Chrome-এ খুলুন
বুধবার ২৮ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩
‎সম্পাদক ও লেখক আশরাফ ইকবালের জন্মদিন
© আমার কণ্ঠ

‎সম্পাদক ও লেখক আশরাফ ইকবালের জন্মদিন

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক, লেখক ও সংগঠক আশরাফ ইকবালের আজ জন্মদিন। ১৯৮৬ সালের ২৯ অক্টোবর সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের কমলাপুর গ্রামে জন্ম নেওয়া এই সাংবাদিক আজ জীবনের ৪০ বছর পূর্ণ করে ৪১তম বছরে পা রাখলেন।
‎
‎বস্তুনিষ্ঠতা, নিষ্ঠা ও সততার সঙ্গে সাংবাদিকতার জন্য মুন্সিগঞ্জে তিনি পরিচিত মুখ। প্রান্তিক ও দারিদ্র্যপীড়িত মানুষের জীবনসংগ্রাম, সমাজের অসঙ্গতি ও ভণ্ডামির চিত্র যেমন তাঁর লেখায় উঠে আসে, তেমনি ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি, পরিবেশ, লোকশিল্প ও গ্রামীণ খেলাধুলাও তাঁর কলমে গুরুত্ব পায়।
‎
‎২০০৫ সালে বিডিরিপোর্ট২৪-এর মধ্য দিয়ে তাঁর সাংবাদিকতা শুরু। পরে দৈনিক সংবাদের সিরাজদিখান সংবাদদাতা হিসেবে দুর্নীতির বিরুদ্ধে সাহসী প্রতিবেদনের জন্য প্রশংসা কুড়ান। পড়াশোনার পাশাপাশি তিনি সাপ্তাহিক আমাদের বিক্রমপুর-এর বার্তা সম্পাদক, লেখক ফোরামের সংকলন প্রভাত-এর সম্পাদক এবং মাসিক বিক্রমপুর-এর ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ও ম্যাগাজিন ঝিকুটপত্র-এর সম্পাদক।
‎
‎সাংবাদিকতার বাইরেও সমাজ গঠনে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। তিনি ২০০৪ সালে স্থানীয় সংগঠন ‘সমাজ সংস্কার সংঘ’র সদস্য হিসেবে সংগঠনে যুক্ত হন। পরবর্তীতে ২০০৭ সালে তিনি আইএফসি বাংলাদেশ নদী ও পরিবেশ কমিটি (ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা)র প্রতিষ্ঠাতা সদস্য, বিক্রমপুর চাঁদের হাট’র যুগ্ম সাধারণ সম্পাদক, ২০২০ সালে ঝিকুট ফাউন্ডেশন ও সিরাজদিখান নাগরিক সমাজের প্রতিষ্ঠাতা, ২০১৪ সালে মুন্সিগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি, সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক (২০১৬-১৮) এবং আন্তর্জাতিক ফারাক্কা কমিটি মুন্সিগঞ্জ শাখার সদস্য সচিব হিসেবে কাজ করেন।
‎
‎ছোটগল্প, প্রবন্ধ, ফিচার ও ছড়া লেখেন আশরাফ ইকবাল। ২০০৬ সালে দৈনিক বাঙলাবাজারে প্রকাশিত ছড়া জীবন নিয়ে দিয়ে শুরু করে তিনি এখন দেশের দৈনিক নয়াদিগন্ত, সংগ্রাম, ইনকিলাব, নবচেতনা, সংবাদ, দ্য রিপোর্ট২৪, তালাশ বিডিসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় নিয়মিত লিখছেন।
‎
‎জন্মদিন উপলক্ষে পত্রিকার সহকর্মী, লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
‎
‎জন্মদিনে সবার ভালোবাসা ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা জানিয়ে সম্পাদক আশরাফ ইকবাল বলেন, “জন্মদিন আমার কাছে নতুন করে নিজেকে যাচাই করার একটি দিন। সাংবাদিকতার পথে যতটুকু এগোতে পেরেছি, তার পেছনে আছে পাঠক, লেখক, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের আস্থা আর ভালোবাসা। আমি চাই, সত্য ও মানুষের পক্ষে কলম ধরার এই অঙ্গীকার সারাজীবন ধরে রাখতে। দৈনিক মুন্সিগঞ্জের বার্তা যেন বিক্রমপুরের মানুষের সত্যিকারের কণ্ঠস্বর হয়ে থাকতে পারে, সবাই আমার জন্য সেই দোয়া করবেন।”

কার্যালয়: ৪৭২/ডি মীরহাজিরবাগ, যাত্রাবাড়ী, ঢাকা।
দৈনিক আমার কন্ঠ