অনলাইন ডেস্ক
৬ অক্টোবর ২০২৬, ৮:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৯ জন

সদরঘাটে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে মীমাংসা

রাজধানীর সদরঘাটে লঞ্চে প্রবেশকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কয়েক শিক্ষার্থীর সঙ্গে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চের কর্মীদের কথা কাটাকাটি, মারধর ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

পরে বিষয়টি মীমাংসার নামে লঞ্চ মালিক সমিতির কাছে জবি ছাত্রদলের সদস্য সচিব শামছুল আরেফিনের কিছু কর্মীসহ কয়েকজন ৪০ হাজার টাকা দাবি করে ২০ হাজার টাকায় বিষয়টি মীমাংসা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টায় সদরঘাটের ৪ নম্বর টার্মিনালে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচয় দিয়ে দুই শিক্ষার্থী ‘প্রিন্স আওলাদ’ লঞ্চে প্রবেশের চেষ্টা করেন। সন্ধ্যায় লঞ্চে প্রবেশের সময় কর্মীরা তাদের বাধা দিলে এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ওই দুই শিক্ষার্থী একজন লঞ্চকর্মীকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

পরে ঘটনাস্থলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষার্থী উপস্থিত হন। তাদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০তম ব্যাচের শিক্ষার্থী সৈকত, কাব্য, ইমন, আসিফ ও আলিমুল; ইতিহাস বিভাগের ১৮ ব্যাচের সাইদ ও নাইম; থিয়েটার বিভাগের ১৮ ব্যাচের নাইম; আইইআর বিভাগের ১৮ ব্যাচের তাজ এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) ১৮ ব্যাচের বহিষ্কৃত ছাত্রদল কর্মী শের আলী উপস্থিত ছিলেন।

সৈকত, কাব্য, ইমন, আসিফ ও আলিমুল জবি শাখা ছাত্রদলের সদস্যসচিব শামছুল আরেফিনের রাজনীতির সঙ্গে যুক্ত। পরে শিক্ষার্থীদের সঙ্গে লঞ্চকর্মীদের ফের ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়। এতে কয়েকজন শিক্ষার্থী ও লঞ্চকর্মী আহত হন। এ সময় লঞ্চের কয়েকজন কর্মীর মোবাইল ফোন ভাঙার অভিযোগও ওঠে।

ঘটনার পর মোবাইল ফোন ভাঙা ও চিকিৎসা ব্যয়ের কথা উল্লেখ করে লঞ্চ মালিক সমিতির কাছে ৪০ হাজার টাকা দাবি করা হয় বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।

এ সময় ছাত্রদলের পরিচয় ব্যবহার করে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয় বলেও অভিযোগ রয়েছে। পরে আলোচনার মাধ্যমে ২০ হাজার টাকায় বিষয়টি নিষ্পত্তি হয়।

পরিচয় গোপন রাখার শর্তে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চের এক কর্মী বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচয় দিয়ে কিছু শিক্ষার্থী প্রায়ই সন্ধ্যা বা রাতে লঞ্চে এসে গাঁজা ও বিভিন্ন মাদক সেবন করেন। এ কারণে পরিচয়পত্র ছাড়া কাউকে লঞ্চে প্রবেশে বাধা দেওয়া নিয়ে এ ঘটনার সূত্রপাত হয়।

তিনি বলেন, এই ঘটনার পর আমরা লঞ্চ মালিক সমিতির অফিসে বসি। সেখানেও এক দফা কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। পরে বৈঠকে ৪০ হাজার টাকা দাবি করা হয়। শেষ পর্যন্ত ২০ হাজার টাকায় বিষয়টি মীমাংসা হয়।

প্রিন্স আওলাদ লঞ্চের সুপারভাইজার মো. জিল্লু বলেন, আর্থিক লেনদেনের কত টাকা নিয়েছে- সেটা আমি বলতে পারছি না। তবে তারা বিভিন্ন কারণ দেখিয়ে টাকা নিয়েছেন। পুরান ঢাকা, বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশের শিক্ষা ক্ষেত্রে অগ্রদূত ও বিশেষ গুরুত্ব বহন করে। তাই আমরা চাই, কেউ যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট না করে।

লঞ্চটির ব্যবস্থাপনা পরিচালক যুবরাজ হোসেন বলেন, আজকের ঘটনার পর আমরা একসঙ্গে বসেছিলাম। পরে বিশ্ববিদ্যালয়ের পরিচয় ছাড়া যেন কেউ লঞ্চে প্রবেশ করতে না পারে, সে জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি।

এদিকে মীমাংসার নামে টাকা দাবির বিষয়টি জানতে পেরে কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করেন। এ সময় বাংলাদেশ বুলেটিনের জবি প্রতিনিধি আকাশ আহমেদ রুপম ও পাবলিক নিউজের জবি প্রতিনিধি এটিএম হাসনাত হাবিবের সঙ্গে উপস্থিত ছাত্রদল কর্মীদের বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

একপর্যায়ে সাংবাদিকদের জোর করে ঘটনাস্থল থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে জবি ছাত্রদলের সদস্যসচিব শামছুল আরেফিনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আমি এ বিষয়ে পুরোপুরি অবগত না। যদি ছাত্রদলের পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি করে, তাহলে ছাত্রদল এ দায় নেবে না। তারা ছাত্রদলের কর্মী না। আর যদি ছাত্রদলের কেউ থাকে, তাহলে ছাত্রদল সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১

ফুডপান্ডার ৫ কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণার দুই মামলার কার্যক্রম স্থগিত

২

মুন্সিগঞ্জে সয়াবিন তেলের পরিমাণে কম, ৭৫ হাজার টাকা জরিমানা

৩

লক্ষ্মীপুর নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ইলিশ ধরা

৪

ইশরাককে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা আড়াল করা হচ্ছে: হাসনাত

৫

পূজায় নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, তবে এতে অংশ নিলে ঈমান থাকবে না: জাতীয় মসজিদের খতিব

৬

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে মন্তব্য প্রত্যাহার, ক্ষমা চাইলেন এমপি রতন

৭

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

৮

মেয়েকে ধর্ষণের দায়ে মুন্সিগঞ্জে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

৯

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় বিএনপি থেকে বহিষ্কৃত লেলিন গ্রেপ্তার

১০

শ্রীনগরে ঘরে বসে জাল টাকা তৈরি, দুই লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার

১১

ধোবাউড়ায় সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন

১২

ধোবাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

১৩

সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে’

১৪

শ্রীনগরের হীরা উত্তরার সড়ক দুর্ঘটনায় নিহত

১৫

শ্রীনগর উপজেলা মহিলা দলের কর্মী সমাবেশ

১৬

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ

১৭

জাতীয় প্রেস ক্লাবের সভাপতির সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ

১৮

সাবেক মন্ত্রী আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৯

ধোবাউড়ায় “আন-নাজাহ্ বিদ্যানিকেতন” কিন্ডারগার্টেনে ক্লাস পার্টি অনুষ্ঠিত

২০