


প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে প্রায় ৬ হাজার মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দিনব্যাপী হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেলের উদ্যোগে আয়োজিত ক্যাম্পে চিকিৎসাসেবা দেন বিএনএসবি চক্ষু হাসপাতালের একদল চিকিৎসক।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি সালমান ওমর রুবেল বলেন, ২০১২ সাল থেকে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন তিনি। এ পর্যন্ত প্রায় ৮০ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ৭ হাজার মানুষের ছানি অস্ত্রোপচার এবং ৫ হাজার মানুষকে বিনামূল্যে চশমা দেওয়া হয়েছে।
তিনি বলেন, চক্ষু চিকিৎসা কার্যক্রমে দল-মত বা এলাকার কোনো ভেদাভেদ করা হয়নি। মানুষের সেবা করাই ছিল তাঁর মূল লক্ষ্য। সংসদ সদস্য হওয়ার আগে যেভাবে মানুষের পাশে ছিলেন, ভবিষ্যতেও সেভাবে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় শিক্ষার্থীদের চোখের সমস্যা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে হালুয়াঘাট ও ধোবাউড়ার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে চক্ষু পরীক্ষা কার্যক্রম চালুর পরিকল্পনার কথাও জানান সংসদ সদস্য সালমান ওমর রুবেল ।
তিনি বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিশুদের চোখের সমস্যা দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হবে।