


মুন্সীগঞ্জের শ্রীনগরে শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের বাইরে থাকা (NEET) যুবকদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে EARN প্রকল্পের উপজেলা পর্যায়ের অংশীজন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২ ঘটিকায় শ্রীনগর উপজেলা মিলনায়তনে বাস্তব-ইনিশিয়েটিভ ফর পিপলস সেলফ ডেভেলপমেন্ট (BASTOB) আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব হাছিবুর রহমান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কিবরিয়া হাসান।
সভায় জানানো হয়, EARN প্রকল্পের আওতায় শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নে ১৬টি গ্রাম পর্যায়ের প্রশিক্ষণ কেন্দ্র (VLTC) স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব কেন্দ্রে ১৮ থেকে ৩৫ বছর বয়সী শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের বাইরে থাকা তরুণ-তরুণীদের বাজারের চাহিদাভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তাদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সঙ্গে যুক্ত করার উদ্যোগও নেওয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবুর রহমান বলেন, তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে প্রশিক্ষণের পাশাপাশি বাস্তবসম্মত কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। বিশেষ করে শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের বাইরে থাকা যুবকদের চিহ্নিত করে এ উদ্যোগের আওতায় আনা প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ।
সভাপতির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কিবরিয়া হাসান বলেন, শুধু প্রশিক্ষণ প্রদান করলেই হবে না, প্রশিক্ষণ শেষে যুবকদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগের সঙ্গে যুক্ত করতে হবে। স্থানীয় শ্রমবাজারের চাহিদা বিবেচনায় প্রশিক্ষণের বিষয় নির্ধারণ করা হলে তরুণ-তরুণীরা বেশি উপকৃত হবেন।
সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, বাস্তবায়ন কৌশল ও বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকার NEET যুবকদের বিকল্প শিক্ষা, কারিগরি দক্ষতা উন্নয়ন, জীবনদক্ষতা ও উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।
সম্ভাব্য প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে রয়েছে তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিকস, টেইলারিং, বিউটিফিকেশন ও ওয়েল্ডিং। এসব প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় ও বাজারভিত্তিক কর্মসংস্থানের উপযোগী দক্ষতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হবে।
সভায় অংশগ্রহণকারীদের একজন বলেন, এলাকার অনেক তরুণ-তরুণী প্রয়োজনীয় সুযোগ ও দিকনির্দেশনার অভাবে কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হতে পারছেন না। গ্রাম পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হলে বিশেষ করে নারীরা পরিবার ও সামাজিক প্রতিবন্ধকতা কিছুটা কাটিয়ে দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।
এ ছাড়া সভায় উপজেলা সমন্বয় কমিটি (UCC), কমিউনিটি গ্রুপ (CG) ও সেন্টার ম্যানেজমেন্ট কমিটি (CMC) গঠন, প্রশিক্ষণ কেন্দ্রের উপযুক্ত স্থান নির্বাচন, স্থানীয় চাহিদাভিত্তিক প্রশিক্ষণের ট্রেড নির্ধারণ এবং উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা ও নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক এবং BASTOB-এর প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, EARN প্রকল্পের আওতায় মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার সাতটি উপজেলায় ৭১টি ইউনিয়নে মোট ১১০টি গ্রাম পর্যায়ের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা হিসেবে BASTOB যুবকদের দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে।