আপনি ফেসবুক/অ্যাপের ভেতরের ব্রাউজারে আছেন — এখানে প্রিন্ট বা ডাউনলোড কাজ নাও করতে পারে।
উপরের ⋮ বা ••• মেনু থেকে “ব্রাউজারে খুলুন” চাপুন।
Chrome-এ খুলুন
সোমবার ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩
‎শ্রীনগরে অটোরিকশার গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতি, গ্যারেজ মালিকের মৃত্যু
© আমার কণ্ঠ

‎শ্রীনগরে অটোরিকশার গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতি, গ্যারেজ মালিকের মৃত্যু

‎মুন্সীগঞ্জের শ্রীনগরে অটোরিকশার গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় অহিদুল্লাহ (৫৪) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) ভোরে উপজেলার পাটাভোগ গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় গ্যারেজে থাকা দুটি অটোরিকশা, ৬১টি ব্যাটারি ও ১৯টি চার্জার লুট করে নিয়ে যায় ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোররাতে দুর্বৃত্তরা গ্যারেজের পেছনের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় গ্যারেজের ভাড়াটিয়া পরিচালনাকারী অহিদুল্লাহ ও তাঁর স্ত্রী হোসনা খাতুনকে রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলে তারা। পরে গ্যারেজে থাকা দুটি অটোরিকশা, ৬১টি ব্যাটারি ও ১৯টি চার্জার একটি পিকআপে তুলে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।

‎ডাকাত দল চলে যাওয়ার পর অহিদুল্লাহর স্ত্রী আশপাশের লোকজনের সহায়তা চান। পরে গুরুতর অসুস্থ অবস্থায় অহিদুল্লাহকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

‎নিহত অহিদুল্লাহ কুমিল্লার দাউদকান্দি উপজেলার তোলাতলি গ্রামের মৃত ওহাব আলী প্রধানের ছেলে। তিনি প্রায় তিন মাস ধরে পাটাভোগ গ্রামে গ্যারেজটি ভাড়া নিয়ে পরিচালনা করে আসছিলেন।

‎এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কার্যালয়: ৪৭২/ডি মীরহাজিরবাগ, যাত্রাবাড়ী, ঢাকা।
দৈনিক আমার কন্ঠ