ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ ঘিরে লৌহজং পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ
১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খানবাড়ি এলাকা পরিদর্শন করেছেন জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। গত (২৪ অক্টোবর) সকাল ৯টার দিকে জেলা জামায়াতের আমির আ জ ম রুহুল কুদ্দুসের নেতৃত্বে নেতাকর্মীরা সম্ভাব্য পথসভাস্থল ও আশপাশের এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ফখরুদ্দিন রাজীসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় লংমার্চের সম্ভাব্য পথসভাস্থল, সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা করেন নেতারা। কর্মসূচি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি এবং সংশ্লিষ্টদের দায়িত্ব বণ্টনের বিষয়েও খোঁজখবর নেওয়া হয়।
জেলা জামায়াতের আমির আ জ ম রুহুল কুদ্দুস জানান, ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চ উপলক্ষে খানবাড়ি এলাকা পরিদর্শন করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর লংমার্চ চলাকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান খানবাড়ি এলাকায় একটি পথসভায় বক্তব্য দেবেন বলে তিনি জানান।
তিনি আরও বলেন, কর্মসূচি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে প্রশাসনকে অবহিত করা হয়েছে। পাশাপাশি কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
জামায়াত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে লংমার্চের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। এ লক্ষ্যে খানবাড়ি এলাকায় সাংগঠনিক প্রস্তুতি ও সমন্বয় কার্যক্রম অব্যাহত রয়েছে।
