শ্রীনগর অগ্রনী ব্যাংকের ভুক্তভোগী গ্রাহকদের সাথে এমপির মতবিনিময় সভা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার অগ্রণী ব্যাংক শাখায় ৩১৫ জন গ্রাহকের প্রায় ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ব্যাংকটির কর্মকর্তাদের বিরুদ্ধে। নিয়ম মেনে টাকা জমা রাখার পরও ব্যাংকে নিজেদের হিসাবের অস্তিত্ব না পাওয়ায় আমানতের অর্থ তুলতে পারছেন না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহ।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে সিরাজদিখান উপজেলার নিমতলায় সংসদ সদস্যের কার্যালয়ে ভুক্তভোগী গ্রাহকেরা তাঁর সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় তাঁরা নিজেদের আর্থিক ক্ষতি, দুর্ভোগ ও আমানতের অর্থ ফেরত না পাওয়ার বিষয়টি তুলে ধরেন।

ভুক্তভোগীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন সংসদ সদস্য। তাঁদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘আপনারা আল্লাহর ওপর ভরসা রাখুন। আমি আপনাদের বিষয়টি মন্ত্রণালয়ে তুলে ধরব। আপনাদের সবার তথ্য নিয়ে একজন প্রতিনিধিকে আমার সঙ্গে দেবেন। তাঁকে সঙ্গে নিয়েই আমি মন্ত্রণালয়ে যাব।’

এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হাফিজুল ইসলাম খান, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী এবং মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক মোল্লা।

ভুক্তভোগীদের অভিযোগ, তাঁরা নিয়ম মেনে ব্যাংকে টাকা জমা রেখেছেন। অনেকের কাছে জমার রসিদ ও মোবাইল ফোনে টাকা জমার বার্তাও রয়েছে। কিন্তু বর্তমানে টাকা তুলতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ তাঁদের নামে কোনো হিসাব নেই বলে জানাচ্ছে। এতে সারা জীবনের সঞ্চয় হারানোর শঙ্কায় পড়েছেন গ্রাহকেরা।

এর আগে আমানতের অর্থ ফেরত ও জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগীরা। সেখানে তাঁরা সাত দফা দাবি তুলে ধরেন। পাশাপাশি অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত আবেদনও করেন।

ভুক্তভোগীদের দাবির পরিপ্রেক্ষিতে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ জানিয়েছিলেন, ঘটনাটি তদন্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত শেষে মামলা হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। প্রত্যেক গ্রাহক তাঁদের টাকা ফেরত পাবেন। তবে এর আগে জমাকৃত অর্থের সত্যতা যাচাই করা প্রয়োজন।

ভুক্তভোগীদের প্রত্যাশা, সংসদ সদস্যের উদ্যোগে বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের নজরে আসবে। দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাঁদের কষ্টার্জিত আমানতের অর্থ ফেরত নিশ্চিত করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

উপরে যান