সম্পাদক ও লেখক আশরাফ ইকবালের জন্মদিন
দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক, লেখক ও সংগঠক আশরাফ ইকবালের আজ জন্মদিন। ১৯৮৬ সালের ২৯ অক্টোবর সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের কমলাপুর গ্রামে জন্ম নেওয়া এই সাংবাদিক আজ জীবনের ৪০ বছর পূর্ণ করে ৪১তম বছরে পা রাখলেন।
বস্তুনিষ্ঠতা, নিষ্ঠা ও সততার সঙ্গে সাংবাদিকতার জন্য মুন্সিগঞ্জে তিনি পরিচিত মুখ। প্রান্তিক ও দারিদ্র্যপীড়িত মানুষের জীবনসংগ্রাম, সমাজের অসঙ্গতি ও ভণ্ডামির চিত্র যেমন তাঁর লেখায় উঠে আসে, তেমনি ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি, পরিবেশ, লোকশিল্প ও গ্রামীণ খেলাধুলাও তাঁর কলমে গুরুত্ব পায়।
২০০৫ সালে বিডিরিপোর্ট২৪-এর মধ্য দিয়ে তাঁর সাংবাদিকতা শুরু। পরে দৈনিক সংবাদের সিরাজদিখান সংবাদদাতা হিসেবে দুর্নীতির বিরুদ্ধে সাহসী প্রতিবেদনের জন্য প্রশংসা কুড়ান। পড়াশোনার পাশাপাশি তিনি সাপ্তাহিক আমাদের বিক্রমপুর-এর বার্তা সম্পাদক, লেখক ফোরামের সংকলন প্রভাত-এর সম্পাদক এবং মাসিক বিক্রমপুর-এর ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ও ম্যাগাজিন ঝিকুটপত্র-এর সম্পাদক।
সাংবাদিকতার বাইরেও সমাজ গঠনে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। তিনি ২০০৪ সালে স্থানীয় সংগঠন ‘সমাজ সংস্কার সংঘ’র সদস্য হিসেবে সংগঠনে যুক্ত হন। পরবর্তীতে ২০০৭ সালে তিনি আইএফসি বাংলাদেশ নদী ও পরিবেশ কমিটি (ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা)র প্রতিষ্ঠাতা সদস্য, বিক্রমপুর চাঁদের হাট’র যুগ্ম সাধারণ সম্পাদক, ২০২০ সালে ঝিকুট ফাউন্ডেশন ও সিরাজদিখান নাগরিক সমাজের প্রতিষ্ঠাতা, ২০১৪ সালে মুন্সিগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি, সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক (২০১৬-১৮) এবং আন্তর্জাতিক ফারাক্কা কমিটি মুন্সিগঞ্জ শাখার সদস্য সচিব হিসেবে কাজ করেন।
ছোটগল্প, প্রবন্ধ, ফিচার ও ছড়া লেখেন আশরাফ ইকবাল। ২০০৬ সালে দৈনিক বাঙলাবাজারে প্রকাশিত ছড়া জীবন নিয়ে দিয়ে শুরু করে তিনি এখন দেশের দৈনিক নয়াদিগন্ত, সংগ্রাম, ইনকিলাব, নবচেতনা, সংবাদ, দ্য রিপোর্ট২৪, তালাশ বিডিসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় নিয়মিত লিখছেন।
জন্মদিন উপলক্ষে পত্রিকার সহকর্মী, লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
জন্মদিনে সবার ভালোবাসা ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা জানিয়ে সম্পাদক আশরাফ ইকবাল বলেন, “জন্মদিন আমার কাছে নতুন করে নিজেকে যাচাই করার একটি দিন। সাংবাদিকতার পথে যতটুকু এগোতে পেরেছি, তার পেছনে আছে পাঠক, লেখক, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের আস্থা আর ভালোবাসা। আমি চাই, সত্য ও মানুষের পক্ষে কলম ধরার এই অঙ্গীকার সারাজীবন ধরে রাখতে। দৈনিক মুন্সিগঞ্জের বার্তা যেন বিক্রমপুরের মানুষের সত্যিকারের কণ্ঠস্বর হয়ে থাকতে পারে, সবাই আমার জন্য সেই দোয়া করবেন।”




