৯ মামলার আসামি হাসান ১০০ পিস ইয়াবাসহ ডিবির হাতে গ্রেপ্তার
মুন্সীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মোঃ হাসান মিয়া (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হাসানের বিরুদ্ধে মাদক মামলাসহ পূর্বে মোট ৯টি মামলা রয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন নয়াগাঁও এলাকায় ইয়াছিন ট্রেডার্স নামের একটি দোকানের সামনের পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, চুরি, ডাকাতি ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার অংশ হিসেবে পুলিশ সুপার মোঃ বদরুদ্দোজার নির্দেশনায় অভিযান চালানো হয়। অভিযানে ডিবির এসআই (নিঃ) মোঃ টিটুল হোসাইন সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন। এ সময় সন্দেহভাজন মোঃ হাসান মিয়াকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মোঃ হাসান মিয়া মুন্সীগঞ্জ সদর থানার মানিকপুর (নতুনগাঁও) এলাকার বাসিন্দা। তিনি আলাউদ্দিন ওরফে খোকা মিয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।




