শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
মুন্সীগঞ্জের শ্রীনগরে দাদার সঙ্গে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোস্তাফিজুর (৪) ও আলিফ (৩) নামে আপন দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার হাসাড়া দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজুর হাসাড়া বাজারের মুরগি ব্যবসায়ী শহিদুল দেওয়ানের ছেলে এবং আলিফ সিঙ্গাপুর প্রবাসী আসাদুল দেওয়ানের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টার দিকে দাদা হালিম দেওয়ান দুই নাতি মোস্তাফিজুর ও আলিফকে নিয়ে মূল বাড়ির সামান্য দক্ষিণে অবস্থিত পুরাতন বাড়ি (ছালাম দেওয়ানের বাড়ি) বেড়াতে যান। সেখানে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথাবার্তায় ব্যস্ত হয়ে পড়েন তিনি। এ সময় শিশু দুটি বাড়িসংলগ্ন পুকুরপাড়ে খেলতে যায়। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পুকুরের পানিতে পড়ে যায়।
পরে শিশু দুটিকে খাবার খাওয়ানোর জন্য তাদের মায়েরা খোঁজ করতে গিয়ে বাড়িতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়িসংলগ্ন পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়। তবে ততক্ষণে দুই শিশুরই মৃত্যু হয়।
একই পরিবারের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।




