‎শ্রীনগরে EARN প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের মাধ্যমে NEET যুবকদের স্বাবলম্বী করার উদ্যোগ

মুন্সীগঞ্জের শ্রীনগরে শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের বাইরে থাকা (NEET) যুবকদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে EARN প্রকল্পের উপজেলা পর্যায়ের অংশীজন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২ ঘটিকায় শ্রীনগর উপজেলা মিলনায়তনে বাস্তব-ইনিশিয়েটিভ ফর পিপলস সেলফ ডেভেলপমেন্ট (BASTOB) আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব হাছিবুর রহমান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কিবরিয়া হাসান।
‎
‎সভায় জানানো হয়, EARN প্রকল্পের আওতায় শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নে ১৬টি গ্রাম পর্যায়ের প্রশিক্ষণ কেন্দ্র (VLTC) স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব কেন্দ্রে ১৮ থেকে ৩৫ বছর বয়সী শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের বাইরে থাকা তরুণ-তরুণীদের বাজারের চাহিদাভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তাদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সঙ্গে যুক্ত করার উদ্যোগও নেওয়া হবে।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবুর রহমান বলেন, তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে প্রশিক্ষণের পাশাপাশি বাস্তবসম্মত কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। বিশেষ করে শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের বাইরে থাকা যুবকদের চিহ্নিত করে এ উদ্যোগের আওতায় আনা প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ।
‎
‎সভাপতির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কিবরিয়া হাসান বলেন, শুধু প্রশিক্ষণ প্রদান করলেই হবে না, প্রশিক্ষণ শেষে যুবকদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগের সঙ্গে যুক্ত করতে হবে। স্থানীয় শ্রমবাজারের চাহিদা বিবেচনায় প্রশিক্ষণের বিষয় নির্ধারণ করা হলে তরুণ-তরুণীরা বেশি উপকৃত হবেন।
‎
‎সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, বাস্তবায়ন কৌশল ও বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকার NEET যুবকদের বিকল্প শিক্ষা, কারিগরি দক্ষতা উন্নয়ন, জীবনদক্ষতা ও উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।
‎
‎সম্ভাব্য প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে রয়েছে তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিকস, টেইলারিং, বিউটিফিকেশন ও ওয়েল্ডিং। এসব প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় ও বাজারভিত্তিক কর্মসংস্থানের উপযোগী দক্ষতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হবে।
‎
‎সভায় অংশগ্রহণকারীদের একজন বলেন, এলাকার অনেক তরুণ-তরুণী প্রয়োজনীয় সুযোগ ও দিকনির্দেশনার অভাবে কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হতে পারছেন না। গ্রাম পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হলে বিশেষ করে নারীরা পরিবার ও সামাজিক প্রতিবন্ধকতা কিছুটা কাটিয়ে দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।
‎
‎এ ছাড়া সভায় উপজেলা সমন্বয় কমিটি (UCC), কমিউনিটি গ্রুপ (CG) ও সেন্টার ম্যানেজমেন্ট কমিটি (CMC) গঠন, প্রশিক্ষণ কেন্দ্রের উপযুক্ত স্থান নির্বাচন, স্থানীয় চাহিদাভিত্তিক প্রশিক্ষণের ট্রেড নির্ধারণ এবং উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
‎
‎সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা ও নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক এবং BASTOB-এর প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‎
‎উল্লেখ্য, EARN প্রকল্পের আওতায় মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার সাতটি উপজেলায় ৭১টি ইউনিয়নে মোট ১১০টি গ্রাম পর্যায়ের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা হিসেবে BASTOB যুবকদের দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

উপরে যান